ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে মোবাইল টিম পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রের জন্য দ্রুততম সময়ে মোবাইল টিম পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে সব বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয় থাকতে হবে। কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের লক্ষ্য নাগরিকের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করা। বাংলাদেশ এখনো এমন একটি রাষ্ট্র, যেখানে ন্যায্য দাবি আদায়ে মানুষকে রক্ত দিতে হয়। এই বাস্তবতায় রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হলো এই নির্বাচন ও গণভোট।”
নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশকে জেতাতে চাইলে নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। দায়িত্বের সঙ্গে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ত্যাগ স্বীকার করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান (পিএসসি, জি) এবং আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ফরিদা পারভিন।
সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রের ৬৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৪০ জন পোলিং অফিসারকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন, বিধি-বিধান, দায়িত্ব ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
সভায় বক্তারা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট নিশ্চিত করার আহ্বান জানান।
আর এইচ/
