চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি (২৬ ইবি) এর নেতৃত্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় শীর্ষ সন্ত্রাসী কালা বাবুল (৩৫)-এর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।
আটক কালা বাবুল বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুসের ছেলে।
অপরদিকে, বড়হাতিয়া এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘তৌহিদ বাহিনী’র বাড়িতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আবু তাহের (৬৫)-কে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সকালে সেনাবাহিনী আটক দুই শীর্ষ সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
