বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত জুলাই অভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,জুলাই অভ্যুত্থানের শহীদরা আমাদের নতুন রাজনীতির প্রেরণা। ইশমামের মতো তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে—এই দেশ আর বৈষম্যের রাজনীতি মেনে নেবে না।
তিনি আরও বলেন,আজ শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক পথচলা শুরু করলাম। এই আত্মত্যাগ কোনো দিন বৃথা যাবে না। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
এ সময় তিনি বলেন,রাষ্ট্র যদি তার তরুণদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন অনিবার্য। জুলাইয়ের শহীদরা সেই পরিবর্তনের পথ দেখিয়ে গেছেন।
এসময় জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ এবং লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন সাথে ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকে সাহস ও নৈতিকতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আর এইচ/
