বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী কক্সবাজারের রামু উপজেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল নুরুল আহমদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে তল্লাশি চালায়।
অভিযান শেষে সকাল সাড়ে ৭টার দিকে জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়— ১টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ফোন এবং ১টি কাটার।
রামু থানা পুলিশ সূত্র জানায়, আটক জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং ডাকাত রহিমের। তিনি দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের বিভিন্ন অপকর্মে সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক নারী ডাকাত দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
অন্যদিকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, “অস্ত্র ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।”
পুলিশ জানায়, পলাতক ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আটক জেসমিন সুলতানা রিয়ার বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
