সেন্টমার্টিন দ্বীপের আশপাশের সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, গত ৩ জানুয়ারি , শনিবার মধ্যরাতে একই জাহাজের মাধ্যমে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের একটি ফিশিং বোটে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটককৃত সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোট দুটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
