রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে পড়ে বালু ভর্তি একটি ট্রাক। এতে ট্রাকের ধাক্কা ও চাপায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং একজন আহত হন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার জলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার।
এদিকে রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।
নয়ন তালুকদার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুরে বসবাস করতেন। নিহত ইয়াসিন দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম ইব্রাহিম বাবু। তিনি ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে রামনগর হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জাহিদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সড়ক পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ কছন্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রামনগর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর এইচ/
