ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
একই সঙ্গে সরকারের পক্ষ থেকে তার জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।”
এর আগে বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
আর এইচ/
