হাটহাজারী নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আরিফ গুরুতর আহত হন।
নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের পুত্র।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এমরান চৌধুরী ও আরিফ দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। তখন পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাঠ বোঝাই ট্রাক (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দু’জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে এভার কেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শী কামাল ও চারিয়া এলাকার আবদুল মতিন রুবেল জানান, গুরুতর আহত আরিফ বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এইচ/
