রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে এ রায় ঘোষণা করা হয়।
এর আগে সকাল থেকেই রায় ঘিরে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের প্রধান ফটকে পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এজলাসের সামনে ও আশপাশের এলাকায়ও বাড়ানো হয় নিরাপত্তা।
দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, “সাক্ষ্য-প্রমাণে আমরা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেটিই প্রত্যাশা করছিলাম।”
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় প্রাথমিকভাবে শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও ২ জনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা–কর্মচারীর নামও রয়েছে। এ মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সবশেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও বাকি আসামিদের বিরুদ্ধেও রায় প্রদান করেন।
আর এইচ/
