আগামি ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ কয়েকটি দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি।
সকাল ১০ টায় জেলা সদরের তেতুল তলা এলাকায় পার্টির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
এ চুক্তির বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে পাহাড়ের সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত দুই তৃতীয়াংশ ধারাগুলোই অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে। আ’লীগ সরকার টানা ক্ষমতায় থাকলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি।
এ সময় চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করা, “১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যক্রম রাখা, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক তিন পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের দাবিসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
নিম্নে চুক্তি বাস্তবায়নের ৮ দফা দাবিগুলো হলো: ১) চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করা;২) পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে “১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি” কার্যকর রাখা;৩) চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তর করা;৪) চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করা;৫) চুক্তি মোতাবেক প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন করা;৬) ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের যথাযথ পুনর্বাসন করা;৭) পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা;৮) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুভাষ কান্তি চাকমা, কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিপটার চাকমাসহ সংবাদ সম্মেলনে জেএসএস’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
