বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি তার পরিবার ও দলীয় নেতাদের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, “বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন।”
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, “ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার মাঝেও খালেদা জিয়ার অটল মনোবল গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
১৯৯০-এর গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে খালেদা জিয়ার নেতৃত্ব ও দৃঢ়তার কথা উল্লেখ করে নাহিদ বলেন, “তিনি বাংলাদেশের বহু প্রজন্মের কাছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক।”
বিএনপি চেয়ারপারসনের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করে এনসিপি আহ্বায়ক আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সংকটময় সময়ে বেগম জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
- আর এইচ/
