চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অবৈধ রেলক্রসিংয়ে ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়া পিকআপভ্যানকে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পূর্বাঞ্চল রেলওয়ের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আপ লাইন দিয়ে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপভ্যানটি পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপকে ধাক্কা দিলে তা রেললাইন থেকে ১৫–২০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, একটি পিকআপ অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়ে। পরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে–মুচড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন হলেও এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর এইচ/
