কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট ও বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বাজার সড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বউঘাটা–নতুনপাড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈদগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান যাচাই এবং বিভিন্ন সরকারি সেবার কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ইউএনও।
অভিযান ও পরিদর্শনে উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সিকদার, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম বাবুল, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হুদা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা।
উচ্ছেদ অভিযানের বিষয়ে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, “অনেক দিনের পরিকল্পনা ছিল কীভাবে ঈদগড় বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যায়। বাজারের আশপাশে গড়ে ওঠা অনেক অবৈধ দোকান ও স্থাপনা সড়ক দখল করে রাখায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট দেখা দিত। আজকের অভিযানে গুরুত্বপূর্ণ অংশ উচ্ছেদ করা হয়েছে। বাজারকে নিয়মের মধ্যে আনতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছি। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছি। কোথায় কী চ্যালেঞ্জ বা সুবিধা আছে তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কোনো অনিয়ম আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কের পাশ দখল করে দোকান বসায় বাজারে ভিড় ও যানজট লেগে থাকত। উচ্ছেদ অভিযানের ফলে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
আর এইচ /
