কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকায় পত্রিকার প্রবীণ বিক্রেতা শেফালী পাল (৮৬)–এর বাড়ির সামনে রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। জবরদখলকারীদের হামলা ও ধারাবাহিক হুমকিতে শেফালীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দুই দশক ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শেফালী পাল। সম্প্রতি তার বাড়ির সামনে রাস্তার পাশে মার্কেট নির্মাণ শুরু করেন পার্শ্ববর্তী বাসিন্দা বিধু ভোষন চৌধুরী। অভিযোগ, দোকানের ঘর নির্মাণের পর গত শুক্রবার রাতে রাস্তার উপরেই ছাঁদ ঢালাই শুরু হয়, যা প্রতিবাদ করায় শেফালী ও তার পরিবারকে ২০–৩০ জনের সংঘবদ্ধ চক্র হামলা ও প্রাণনাশের হুমকি দেয়।
খবর পেয়ে সাংবাদিক, পুলিশ ও স্থানীয় মেম্বার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নির্মাণ কাজ তাৎক্ষণিক বন্ধ করে দেন।
শেফালী পাল বলেন, “দীর্ঘদিনের চলাচলের রাস্তা রাতের অন্ধকারে দখল করে ছাঁদ নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।”
স্থানীয় মেম্বার বাবু পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতের অন্ধকারে রাস্তা দখল করে কাজ চলছিল। আমরা গিয়ে তা বন্ধ করেছি।”
ঈদগাঁও থানার এএসআই সুমন জানান, উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল; আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেই।
ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, “উভয় পক্ষকে পরিষদে ডাকা হয়েছে। সোমবার অনুষ্ঠিত হবে বিচার বৈঠক।”
