চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চোর সন্দেহে করিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোঠা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উদ্দিন বাঁশখালী উপজেলার জলদী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি আনোয়ারা উপজেলার কুনিরবিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে পাটনীকোঠা গ্রামের একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করার চেষ্টা চালায়। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দিলে সিএনজিতে থাকা দুজন পালিয়ে যায়। তবে একজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়, যেখানে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকাল ৮টার দিকে স্থানীয় চৌকিদার আরমান হোসেন মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মহল্লাদার আরমান উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে গিয়ে দেখি মাঠে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ হাসপাতালে নিয়ে যায়। শুনেছি, চোর সন্দেহে তাকে মারা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আর এইচ/
