হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
নিহত ইফতেখার রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মাস্টার ইউছুপের ছেলে। আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
আজ রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে দেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো -থ ১৩-৮২২৪) দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে তাদের মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
