বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে বিমান বাহিনী। শনিবার (২২ নভেম্বর ) ঢাকার তেজগাঁও বিএএফ শাহীন হলে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
মহান মুক্তিযুদ্ধে আকাশযোদ্ধাদের অবদান স্মরণে অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণকারীদের মধ্যে ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের উত্তরসূরিরা।
বিমান বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্মারক উপহার তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন—“মাত্র তিনটি বিমান নিয়ে যাত্রা শুরু করা বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন-বিমান, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র ও ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ একটি শক্তিশালী বাহিনী। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগই আজকের অগ্রযাত্রার প্রেরণা।”
তিনি আরও জানান, অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বিমান বাহিনীকে আরও উন্নত ও সক্ষম করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতাকে জাতি আজো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে—এই সম্মাননা ছিল সেই মহান ত্যাগের প্রতি জাতির কৃতজ্ঞ স্বীকৃতি।
আর এইচ/
