সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধের প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।
এর আগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
চট্টগ্রাম নিউজ/
