রাজধানীতে অনুভূত তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় ভবনের অংশ ধসে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জনেরও বেশি পথচারী ও স্থানীয় ক্রেতা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতরাও সেখানে চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, কসাইটুলির একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট–পলেস্তরা খসে পড়ে। ভবনের নিচে গরুর মাংস বিক্রির দোকান ছিল। উপর থেকে ইট-পলেস্তরা পড়ে দোকানের ক্রেতা ও পথচারীরা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত ১০ জনের অধিক মানুষ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে কর্মকর্তারা জানান।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ভূমিকম্পের সময় একটি ভবনের অংশ ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, কলাবাগান ও সূত্রাপুর এলাকায় দুটি ভবন আংশিক হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
আর এইচ/
