দেশজুড়ে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হওয়ার পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে মাঠপর্যায়ে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ভূমিকম্পে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বার্তায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি যাচাইয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন বলেও জানানো হয় প্রেস উইং থেকে।
এ সময় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার জানায়, প্রয়োজন হলে হটলাইনসহ সরকারি চ্যানেলগুলোতে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।
“নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”—যোগ করে বলা হয় বার্তায়।
