বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আগামী ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম সফরে আসছেন। তার এ সফরকে কেন্দ্র করে নগরীর জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমীর বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন।
সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনিস্থ আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
পরে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন”-এ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম মহানগর জামায়াত মনে করছে, আমীরের এই সফর স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে নতুন অগ্রযাত্রার সূচনা করবে।
আর এইচ/
