চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ও পটিয়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে প্রতিদিনই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানদার জহির আহাম্মদ (৫২)–কে আটক করা হয়। পরে তার দোকানের একটি তাক থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম (২২) এবং মো. রানা–কে গ্রেফতার করে যৌথ টিম।
এছাড়া ১৭ নভেম্বর গ্রেফতার হওয়া হুমায়ুন উদ্দীন আকাশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট হাজী মকবুল আহাম্মদ সওদাগর বাড়ির পুকুরপাড়ে পুঁতে রাখা অবস্থায় একটি সিলিংসহ একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
চলতি মাসে জেলা গোয়েন্দা শাখা, রাউজান ও হাটহাজারী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র আইনে ৫টি মামলায় মোট ৮ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ।
আর এইচ/
