কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতী পাড়ার লোকালয় থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা হাতির মৃতদেহটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। এর মাত্র কয়েক দিনের ব্যবধানে দোছড়ি বনবিটের বনাঞ্চল থেকে আরও দুইটি মৃত হাতি উদ্ধারের ঘটনায় পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দোছড়ি বনবিটের কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, হাতিটির শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বন্যহাতির বিচরণ বেড়েছে। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, হাতিরা মানুষের বসতভিটা ঘেঁষে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, “নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হবে। পাশাপাশি হাতি মৃত্যুর কারণ উদঘাটনে ব্যাপক তদন্ত চলছে।” তিনি আরও জানান, মানুষ-বন্যপ্রাণী সংঘাত কমাতে এলাকায় সচেতনতা ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দোছড়ি বনবিটে এবং ১৩ মে জুমছড়ি বনাঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় দুটি মৃত হাতি উদ্ধার করা হয়েছিল। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে হাতি দুটিকে গুলি করে হত্যার প্রমাণ মেলে। বন্যহাতি মৃত্যুর ধারাবাহিকতায় এলাকাজুড়ে উদ্বেগ বাড়ছে।
আর এইচ/
