ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনেরপরিচয় পাওয়া গেছে তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা এর পুত্র মো. শাহ আলম (৫৫) ও ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫)। তবে শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনিতে বসবাস করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী।
কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
আর এইচ/
