চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী। পরিবারিকভাবে ওই বাজারে তার তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।
স্বজনদের অভিযোগ, মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আকাশকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে এনায়েত বাজারের কসাই পাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আকাশের বন্ধু ইমন জানান, রাত ১টার দিকে আকাশ তাকে ফোন করে কসাই পাড়ায় ডেকে নেন। পরে দু’জন একটি সরু গলিতে প্রবেশ করলে গলির মুখে ইমনকে দাঁড় করিয়ে টাকা আনতে ভেতরে যান আকাশ।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর আকাশ ফিরে না আসায় ইমন ভেতরে গিয়ে দেখেন কয়েকজন যুবক মিলে তাকে এলোপাতাড়ি আঘাত করছে। এ সময় তাদের একজন ইমনের পায়েও ছুরিকাঘাত করে। ইমন জানান, হামলাকারীদের মধ্যে একজনের নাম জনি বলে তিনি চিনতে পেরেছেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পৃথক দল কাজ করছে।
