চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে মায়ের খাওয়ানো বিষে ৯ মাস বয়সী শিশু আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা আমেনা বেগমও (৩৫) বিষপান করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আমেনা বেগম শিশুকে নিয়ে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতের মধ্যে মারা যায় শিশু আব্দুল্লাহ।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “আমেনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি নিজে বিষপান করার পাশাপাশি তার শিশুকেও বিষপান করান। এতে শিশুর মৃত্যু হয়েছে।”
আমেনা বেগম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।
