খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহলদল সকালে ওই এলাকায় ইউপিডিএফের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে অবস্থানরত ১৫-২০ জনের একটি সশস্ত্র দলের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে গোলাগুলির পর ইউপিডিএফের সশস্ত্র দলটি পালিয়ে যায়।
আইএসপিআর জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/
