চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন, মিছিল ও আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার সাধারণ মানুষ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ চললেও মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।” তারা আরও বলেন, “ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো. ফয়সাল এবং ছাত্রনেতা জাবেদ হোসেন, রবিউল হোসেন, সাইমন, করিম, হামিম, আবদুল করিম, ছোটন, মনির আহমদ, তাসিফ, মাসুদ, জাহাঙ্গীর প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার চন্দনাইশ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয়রা মহাসড়ককে ছয় লেন করার দাবি জোরালো করে আসছেন।
আর এইচ/
