চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় গুলি করে হত্যা প্রচেষ্টা ব্যর্থ হলে মো. আবু বক্কর (৩৫) নামে এক প্রবাসীকে মাথায় বন্দুকের আঘাত করে গুরুতর আহত করেছে সঙ্ঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্যরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলী চাঁনপাড়া এলাকায় নতুন ব্রিজ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত আবু বক্কর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আলী চাঁন পাড়ার মৃত হাজী নুর আহমদের ছেলে।
এ ঘটনায় জনতা হামলাকারীদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। তবে ঘটনায় দায়েরকৃত মামলার পরও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় আবু বক্কর জানান, এশার নামাজ শেষে ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকাকালে মোটরসাইকেলে আসা ডালিম, ইয়াছিন ও আবিদ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিন দফায় গুলি চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে হামলাকারীরা তাকে মারধর করে এবং বন্দুকের আঘাতে মাথায় জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, দেশে ফেরার পর থেকে মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার কারণে তিনি মাদককারবারিদের রোষানলে পড়েন। ঘটনার আগের রাতেও সন্ত্রাসীরা তার বাড়ির কাছে গুলি ছুড়ে হুমকি দিয়েছিল।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ডালিম, সেলিমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছে। অস্ত্রশস্ত্র বহন করার কারণে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে না। সম্প্রতি আবু বক্কর প্রতিবাদ শুরু করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. বেলাল উদ্দিন বলেন, আহত ব্যক্তির মাথায় একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। জনতার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে। আহতের বড় ভাই আবুল বশর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আর এইচ/
