কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রীজের উপর থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে স্থানীয়রা ব্রীজের উপর নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়রা জানান, নবজাতক শিশুটি যেখানে ফেলে রাখা হয়েছিল সেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। তাই কে বা কারা ফেলে গেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, “শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরই মারা যায়। পরবর্তীতে মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।”
চকরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম রাজা জানান, “নবজাতকের দাফন উপজেলা প্রশাসনের অর্থায়নে সম্পন্ন করা হয়েছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া কঠিন। আমরা শোকাহত।”
আর এইচ/
