চট্টগ্রাম কাস্টমস হাউসে সফল এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ লেনদেনের সময় প্রতিষ্ঠানটির সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে অভিযান পরিচালনাকারী দলটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে গোপন অভিযানটি পরিচালনা করে দুদকের একটি বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।
তিনি জানান, জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করেছিলেন হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন। কিন্তু, ছাড়পত্র দেওয়ার জন্য শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তার কাছে। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা।
পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।
আর এইচ/
