কর্ণফুলীতে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকার পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় চারজন চোরচক্রের সদস্যকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাদের শিল্প পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক সওকত হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাফেজ ইব্রাহিমের বাড়ির মো. দিদারুল আলম (৩০), বড়উঠান ইউনিয়নের দৌলতপুরের মৃত আবুল সৈয়দের ছেলে জলিল (৩৮), একই এলাকার মৃত নাসিমের ছেলে মো. ইসমাইল (৩৫) এবং শাহমীরপুর কুলালপাড়ার মো. তৈয়বের ছেলে মো. তারেক (২২)।
এসময় চুরির কাজে ব্যবহৃত একটি নসিমন ভ্যানগাড়ি, আকাশমনি গাছের খণ্ড, করাত ও দুটি লোহার হাসুয়া জব্দ করা হয়।
কেইপিজেড সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্র অনুযায়ী ২৪৯২ একরের মধ্যে প্রায় ১৩০০ একর জমি সবুজ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৮২২ একরে রোপণ করা হয়েছে প্রায় ২৫ লাখ গাছ। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চক্র নিরাপত্তা কর্মীদের যোগসাজশে এসব গাছ কেটে ফটক দিয়ে বাইরে পাচার করছে।
শিল্প পুলিশের পরিদর্শক সওকত হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে আসামিরা গাছ চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা এলাকায় চুরি ও ছিনতাইতেও সক্রিয় বলে জানিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আর এইচ/
