চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন অনুষ্ঠান-২০২৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে নবীন শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে অংশ নিয়ে পুরো ক্যাম্পাসকে আবেগঘন করে তোলে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শামীম আক্তার চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এস. এম. ফোরকান, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ তৈয়ব, অভিভাবক প্রতিনিধি দলিল আহমেদ, শিক্ষক প্রতিনিধি সুজন দাশ ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক নাজনীন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তিতে জমে ওঠে পুরো অনুষ্ঠান।
ওরিয়েন্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, সুশিক্ষার মাধ্যমে একজন মানুষকে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।” একইসঙ্গে কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাবকে সফলতার মূল চাবিকাঠি বলে অভিহিত করেন তারা।
আর এইচ/
