চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দেড় ঘণ্টার ব্যবধানে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জলুয়ার দিঘীরপাড় ও গৈড়লার টেক এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গৈড়লার টেক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, “দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
আর এইচ/
