অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ও নষ্ট তেল দিয়ে চিপস তৈরি এবং অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী ছদু চৌধুরী সড়ক সংলগ্ন বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা ও সাময়িক সিলগালা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার, রানা দেবনাথ ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
একই অভিযানে দেওয়ানহাট এলাকায় অপরিচ্ছন্ন রান্নাঘর ও বাসি গ্রিল মাছ-মাংস একই ফ্রিজে রাখার অভিযোগে ‘হোটেল সিটি আই’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’কে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ফারিয়া মেডিকেল নামের একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা গুনেছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “শিশুদের জন্য যে চিপস তৈরি হচ্ছিল, তার পরিবেশ এতটাই নোংরা যে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ। অনুমোদনহীন কেমিকেল, নষ্ট তেল ব্যবহার—এসব কোনোভাবেই সহনীয় নয়। জনস্বার্থে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।”
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
