চট্টগ্রামের লোহাগাড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২৭আগস্ট (বুধবার) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার বাসিন্দা আবু তাহেরের পুত্র এয়াকুব(২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান(১৮)
জানা যায়,উপজেলার আমিরাবাদে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ সাইনবোর্ড এলাকায় বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায়ই দুইজনে উত্ত্যক্ত করে আসছিল।
পরে স্কুল ছাত্রীরা প্রধান শিক্ষক কে বিষয়টি জানালে তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। তথ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিং এর দায়ে দুই যুবককে কারাদন্ড ও অর্থদন্ড উভযদন্ডে দন্ডিত করে এ রায় দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ইভটিজিংয়ের সত্যত্ প্রমানিত হওয়ায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মাদক,কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে ও জানান তিনি।
