মিরসরাইয়ে ঘরের লোকজনকে জিম্মি করে বেঁধে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে ১০–১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরমান হোসেন ফাহিমসহ পরিবারের তিনজন সদস্যকে হাত-পা বেঁধে ফেলে। মুখোশ পরা ডাকাতদের হাতে রিভলভার, চাপাতি ও দেশীয় অস্ত্র ছিল। পরে তারা ঘরে থাকা পুরুষ সদস্যদের কাপড় ও দড়ি দিয়ে বেঁধে ফেলে।
এসময় পরিবারের নারী সদস্যদের কাছ থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাত দল।
আরমান হোসেন ফাহিম জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
