চট্টগ্রাম নগরীর রাজা পুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণের সময় ট্রাকচাপায় রঞ্জিত কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত কর্মকার পেশায় স্বর্ণকার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শতাধিক মানুষ ন্যায্যমূল্যের পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক আসার পর হুড়োহুড়ির মধ্যে রঞ্জিত কর্মকার সামনে এগোতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি দ্রুত সরে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, ট্রাকটির ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে টিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবার মামলা করবে না জানিয়েছে।”
আর এইচ/
