চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে মায়ের কোলে তিন মাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মা–মনি হাসপাতাল লিমিটেড নামক একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতকটি উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলার কারণেই এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুর অবস্থা গুরুতর হওয়ায় অভিভাবকদের জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা তা মানেননি।
শিশুর বাবা মো. সাকিব জানান, সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে যান। সেখানে ১৭ নম্বর সিরিয়াল নেওয়া হয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার অনুরোধ করলেও সহকারীরা তা শোনেননি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর মায়ের কোলেই নবজাতকটি মারা যায়।
এ বিষয়ে চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, “সম্ভবত ডেলিভারির সময় মাথায় আঘাত পাওয়ায় শিশুটির খিঁচুনির সমস্যা ছিল। শিশুর গুরুতর অবস্থা সম্পর্কে সহকারীরা আমাকে জানায়নি। প্রাথমিকভাবে দায়ী একজনকে অবহেলার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বাচ্চার অবস্থা দেখে সহকারীরা অভিভাবকদের জরুরি বিভাগে দেখাতে বলেছিলেন। তবে অভিভাবকরা তা শোনেননি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগ না পেলেও আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/
