চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল গার্মেন্টস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়েদা আক্তার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি নগরীর ইপিজেড এলাকায় অবস্থিত টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, “জায়েদা একটি ‘পাঠাও’ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় যানজটের মধ্যে মোটরসাইকেলটি দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে। এতে পেছনের সিটে থাকা জায়েদা ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।”স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
আর এইচ/
