“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকালে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। প্রীতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কাউছার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব খান।
সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, “দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এর মাধ্যমে মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি হবে।”
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে জেলেদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ, চাষিদের মধ্যে উন্নত জাতের মাছের পোনা বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার এবং গণসচেতনতা কার্যক্রম।
আর এইচ/
