চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বিচ এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে আনোয়ার আজম খান (৪০) নামে এক ব্যক্তি সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালীর সেনবাগ উপজেলার নুরু খানের ছেলে। তিনি ‘এম স্টল স্টক’ নামক একটি জাহাজে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সময় আনোয়ার আজম খান জাহাজ থেকে কাজ শেষে নামছিলেন। এ সময় পা পিছলে সাগরে পড়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাহাজটির ক্রেন অপারেটর আব্দুল মোতালেব বলেন,“জাহাজটি এখানে প্রায় ১৮ দিন ছিল। আমরা তিন দিন আগেই জাহাজ থেকে নেমে এসেছি। আনোয়ার ভাই গতকাল রাতেই কাজ শেষ করে নামার সময় পানিতে পড়ে যান। আমরা সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডকে জানাই।”
ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান,“এ ঘটনায় রোববার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। কোস্ট গার্ড সদস্যরা রাত থেকেই উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ মেলেনি।”এ দিকে নিখোঁজ ব্যক্তির খোঁজে সমুদ্র উপকূলে টহল ও তল্লাশি অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।
চট্টগ্রাম নিউজ/ আর এইচ
