জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর শুভ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সপ্তাহের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকগণ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “মৎস্য খাতের অব্যাহত অবদানের জন্য আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি ও প্রতিবেশ ধ্বংস হলে এক সময় মাছ উৎপাদন থেমে যাবে।” তিনি পরিবেশবান্ধব চাষাবাদ এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, “এই দুইটি বিষয় নিশ্চিত করতে পারলেই মৎস্য খাত হবে আরও সমৃদ্ধ।”
তিনি গভীর সমুদ্রে মৎস্য আহরণের সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এই খাতের টেকসই ব্যবস্থাপনায় গবেষণাভিত্তিক উদ্যোগের আহ্বান জানান।অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস জাতীয় মৎস্য পদক ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহটির মূল উদ্দেশ্য হলো—প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।
চট্টগ্রাম নিউজ / আর এইচ
