পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে ভেসে ওঠা মাছ দেখে বিষয়টি টের পান নুর মোহাম্মদ। এতে খামারে থাকা রেনু মাছসহ সব মাছ মারা যায়।
জানা গেছে, উপজেলার ১০ নম্বর ধলঘাট ইউনিয়নের আর্বান সমবায় সমিতি সংলগ্ন একটি পুকুরে দীর্ঘ ২০ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন নুর মোহাম্মদ নামের এক খামারি। পুকুরটি তিনি সাবেক চেয়ারম্যান সালামত উল্লাহ মল্লর কাছ থেকে খাজনা ভিত্তিতে লিজ নিয়েছিলেন।
খামারি নুর মোহাম্মদ বলেন, “এ ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি। আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনার পর তিনি পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
আর এইচ/
