বঙ্গোপসাগরের উপকূলবর্তী চট্টগ্রামের জনপ্রিয় দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো গাড়ি পার্কিং ব্যবস্থাপনা চালু হচ্ছে। এ উদ্যোগের ফলে পর্যটকদের এখন থেকে নির্ধারিত ফি দিয়ে গাড়ি রাখতে হবে।
রোববার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত স্টাফ অফিসার তানজিমুর রহমান পতেঙ্গায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিতে পর্যটকদের জন্য সবধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) থেকে রশিদ ও স্লিপের মাধ্যমে ফি আদায় শুরু হয়। নির্ধারিত ফি হলো—বাস ও ট্রাক ১৫০ টাকা, মাইক্রোবাস ও জিপ ৬০ টাকা, প্রাইভেট কার ৫০ টাকা, মোটরসাইকেল ও সিএনজি ২০ টাকা।
চট্টগ্রাম সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে গত মার্চে দরপত্র আহ্বান করা হয়। ‘লিগেসি বিডি চট্টগ্রাম’-এর মোহাম্মদ এরশাদ উল্লাহ এক বছরের জন্য ৮৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকায় ইজারা পান। মে মাস থেকে কার্যক্রম চালুর কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়।
প্রতিদিন এবং বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে লাখো মানুষের সমাগম ঘটে পতেঙ্গা সমুদ্র সৈকতে। নতুন পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে পর্যটকদের ভোগান্তি কমবে বলে আশা করছে জেলা প্রশাসন।
আর এইচ/
