“চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন।
শুনানিতে মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতকে জানান, চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীর উপস্থিতির জন্য সমন ইস্যু করে ২৫ আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিটে এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তিনি। বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন আসামি গ্রেফতার রয়েছেন, আর পলাতক রয়েছে ১৮ আসামি।”
আর এইচ/
