প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। নির্বাচন কাঠামো ও জনবল সব কিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন। কেউ কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।”
গত নির্বাচনে ভোট গ্রহণে সমস্যা সৃষ্টি করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।
নাগরিকদের উদ্দেশে সিইসি বলেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি এটি ঈমানি দায়িত্বও।”
তিনি আরও জানান, এআইএ-ভিত্তিক (Artificial Intelligence Application) বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন চলাকালীন সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকবে উল্লেখ করে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।”
সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের সব জেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর এইচ/
