রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে জনতার ‘অনভিপ্রেত ঘটনার’ ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ মানুষ হতাহত হন। দুর্ঘটনার পরপরই নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তায় তৎপরতা শুরু করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার কাজের সময় বিপুল উৎসুক জনতার ভিড়ে ইভাকুয়েশন কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়। বারবার অনুরোধ সত্ত্বেও জনতা ঘটনাস্থল না ছাড়ায় আহতদের দ্রুত সরিয়ে নিতে বেগ পেতে হয়, ফলে প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়। উদ্ধার কাজে নিয়োজিত ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর আরও জানায়, উদ্ধারকাজ চলাকালে বিকেলের দিকে জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়ে আইএসপিআর বলেছে, দোষী প্রমাণিতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আর এইচ/
