রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা।’
এর আগে সোমবার দিবাগত রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও রাত সাড়ে তিনটার পর স্থগিতাদেশ সংক্রান্ত পোস্ট শেয়ার করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর একটার কিছুক্ষণ পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আর এইচ/
