‘জুলাই পদযাত্রা’ ২০ তম দিনে চট্টগ্রামের দুই নম্বর গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ মঞ্চ । আয়োজকরা জানিয়েছেন, এই মঞ্চ ২১ ফুট প্রস্থ ও ৩০ ফুট দৈর্ঘ্যের ।
রোববার (২০ জুলাই) দুপুরে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে বিকেল চারটার দিকে চট্টগ্রামে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিউমার্কেট এলাকার হোটেল সৈকতে সাময়িক বিশ্রামের পর দুপুরের খাবার সেরে তাঁরা সমাবেশস্থলের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
এরই মধ্যে নগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে বিপ্লব উদ্যানে জড়ো হতে শুরু করেছেন।
বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, নিউমার্কেট, আন্দরকিল্লা, টাইগার পাস, আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড, খুলশী ও পাঁচলাইশসহ নানা এলাকা থেকে মিছিল সহকারে আসছেন সমর্থকেরা।
দলীয় নেতারা জানিয়েছেন, সন্ধ্যা ছয়টায় মূল সমাবেশ শুরু হবে, এরপরই শুরু হবে ‘জুলাই পদযাত্রা’। কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা এবং চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।
এদিকে সমাবেশ ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিপ্লব উদ্যানসহ নগরজুড়ে সতর্ক নজরদারিতে রয়েছেন।
আর এইচ/
